গাজীপুরের শ্রীপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে অটোরিকশা থেকে ছিটকে পড়ে মারা গেছেন এক নারী। শনিবার (২২ জুন) দিবাগত রাত ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের চাচা জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুবর্ণা আক্তার (৩০) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচুবাগান) এলাকার বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের মেয়ে। শুক্রবার (২১ জুন) দুপুরে লিচুবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচা জাকির হোসেন জানান, শুক্রবার গফরগাঁওয়ের নিগুয়ারী থেকে তার বাবার বাড়ি শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা (লিচুবাগান) এলাকায় বেড়াতে আসেন সুবর্ণা। শ্রীপুরের মাস্টারবাড়ি থেকে অটোরিকশায় বাবার বাড়ি লিচুবাগান যাওয়ার পথে ছিটকে পড়ে যায় সুবর্ণা। এ সময় বিপরীত দিক থেকে আসা শ্যালো ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত সুবর্ণাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাত ১০টায় ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। অটোরিকশা থেকে পড়ে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে এ ঘটনায় কেউ কোনও অভিযোগ করেনি।