গাজীপুরে পৃথক ট্রেন দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাগুলো ঘটে জেলার শ্রীপুর এবং কালিয়াকৈর উপজেলাতে। এর মধ্যে একজন ট্রেনের ধাক্কায় এবং অপরজন ট্রেনের ছাদ থেকে পড়ে মারা যান। সংশ্লিষ্ট স্টেশনের রেলওয়ে কর্মকর্তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৫ জুন) বিকাল সাড়ে ৩টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলস্টেশনের উত্তরপাড়া কাটাপুলসংলগ্ন স্থানে এবং সকালে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর রেলস্টেশনের উত্তরপাড়া কাটাপুলসংলগ্ন স্থানে আনোয়ার হোসেন খোকন (৬৪) চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মহেশপুর গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে। ভাড়া থাকতেন শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা শাহীন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের পাশে।
অপরদিকে, সকালে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী চাঁপাই কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে মোয়াজ্জেম হোসেন (৫৮) নামে আরেকজন নিহত হন। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী গ্রামের মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আহত নুরুন্নবী ও মাসুদ মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন। তাদের ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার সাইদুর রহমান বলেন, ‘রেলপথের পাশ দিয়ে চলাচলকারী স্থানীয় কয়েকজন ব্যক্তি আনোয়ার হোসেন খোকনকে রেললাইনের পাশে তাল গাছের নিচে পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, রেলপথের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর থানা ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করে। কোনও অভিযোগ না থাকায় পুলিশ নিহতের মরদেহ তার ছেলের কাছে হস্তান্তর করে।
নিহতের ছেলে সাজিদ হোসেন জানান, তার বাবা আনোয়ার হোসেন ঢাকায় যাওয়ার জন্য দুপুরে বাসা থেকে বের হন। ধারণা করা হচ্ছে, মোবাইলে কথা বলার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশনমাস্টার (বুকিং) আশরাফুল আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সকালে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা চাঁপাই কমিউটার ট্রেনের ছাদে চড়ে ঢাকায় যাচ্ছিলেন মোয়াজ্জেম হোসেনসহ আরও কয়েকজন। ট্রেনটি কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলস্টেশনের কাছে পৌঁছালে রেললাইনের উপর দিয়ে টানানো তারে আটকে যাত্রী মোয়াজ্জেম হোসেন, নুরুন্নবী এবং মাসুদ মিয়া চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোয়াজ্জেম হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নূরুন্নবী ও মাসুদ মিয়াকে চিকিৎসাধীন রাখা হয়েছে।