মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় ৫ জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে।
বুধবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন-বাবুল বেপারী (৪৭), ইখতিয়ার বেপারী (২৬), আব্দুর রব (৫৫), মহিউদ্দিন শেখ (৩৪) ও আসলাম মোল্লা(৫০)।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ৫ জন গুলিবিদ্ধের খবরটি নিশ্চিত করেছেন।
আহতদের কয়েকজন সাংবাদিকদের বলেন, তারা মহিলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থক। তাই প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর সমর্থকরা তাদের ওপর অর্তকিত গুলিবর্ষণ করে। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা এই হামলা করে বলে আহতদের দাবি।
এ বিষয়ে রিপন পাটোয়ারী জানান, মেম্বার ডলি ও মেম্বার সোমার লোকজন আধিপত্য নিয়ে মারামারি করেছে। তারা কেউ আমার কথা শোনে না। সাবেক চেয়ারম্যান কল্পনার সঙ্গে এখন আমার কোনও দ্বন্দ্ব নেই। কাজেই এসব মারামারির দায়িত্ব এখন আমি নেবো না।
তিনি আরও বলেন, পুলিশ প্রশাসন সঠিকভাবে আইনি ব্যবস্থা নিলে এখানে কোনও সংঘাত হবে না।
মহসিনা হক কল্পনা জানান, আমি আমার লোকজনকে কোনও সংঘাতে জড়াতে নিষেধ করি। তবুও প্রতিপক্ষ বারবার আমার লোকদের ওপর হামলা-নির্যাতন করে। প্রশাসনও এ ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নেয় না।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম কালাম প্রধান জানান, ৫ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে এসেছিল। তাদের হাতে পায়ে বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান বলেন, পূর্ব বিরোধের জেরে এক পক্ষের হামলায় গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।