মুন্সীগঞ্জের সিপাহীপাড়া-মুক্তারপুর সড়কের বণিক্যপাড়া এলাকায় শাহ সিমেন্ট কোম্পানির একটি সিমেন্টবাহী ট্রাকের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাকে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন লিপি বেগম (৩৫) ও তার দশ মাসের মেয়ে আলিশা। তাদের বাড়ি মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের আনন্দপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দশ মাস বয়সী আলিশাকে নিয়ে মিশুকে (ইজিবাইক) করে সিপাহীপাড়ার দিকে যাচ্ছিলেন মা লিপি বেগম। এ সময় বণিক্যপাড়া এলাকার শান্তিনগর ব্রিজের ঢালে মুক্তারপুরগামী দ্রুতগতির ট্রাকটি মিশুককে সামনে থেকে ধাক্কা দিলে মা-মেয়ে মিশুক থেকে সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।