গাজীপুরে বাবার বিরুদ্ধে মেয়েকে হত্যার অভিযোগ

গাজীপুরের কাপাসিয়ায় বাবার বিরুদ্ধে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম স্মৃতি আক্তার (৩৫)। তিনি ধরপাড়া গ্রামের সারফুদ্দিনের (৬০) মেয়ে। দুই সন্তানের জননী স্মৃতি কালীগঞ্জ উপজেলার ডুবুদিয়া গ্রামের এক দুবাই প্রবাসীর স্ত্রী। কোরবানির ঈদের সময় স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। এরপর থেকে সেখানে ছিলেন।

চাঁদপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারফুদ্দিন চার বিয়ে করেছেন। স্মৃতি আক্তার তার প্রথম সংসারের মেয়ে। সকালে মাকে নিয়ে চাচা রেফাজ উদ্দিনের বাড়ির পাশের গাছ থেকে কাঁঠাল কাটতে যান স্মৃতি। এ সময় স্মৃতি ও তার মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সারফুদ্দিনের। এতে ক্ষুব্ধ হয়ে মেয়েকে কুপিয়ে হত্যা করেন বাবা।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহের জেরে মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বাবা। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পরপরই অভিযুক্ত সারফুদ্দিন বাড়ি থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’