গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিরা বিদ্রোহ করে বের হতে চাচ্ছে। এ ছাড়া কারাগারের ভেতরে কারারক্ষীদের সঙ্গে সংঘর্ষের দাবি করছে ফটকে থাকা তাদের স্বজনরা।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে কারাগারের ভেতরে ও ফটকে সেনাসদস্যদের উপস্থিতি দেখা গেছে। এ ছাড়া কিছুক্ষণ পরপর সেনাবাহিনীর হেলিকপ্টার টহল দিচ্ছে।
সরকারি ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলনে গ্রেফতার আসামিদের ছেড়ে দেওয়ার আশায় স্বজনদের কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করতে দেখা যায়। একপর্যায়ে তারা কারাফটক ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। পরে সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, কোনাবাড়ি জেলখানা সড়কের আশপাশে হাজার হাজার উৎসুক জনতার উপস্থিতি লক্ষ করা গেছে।