ছয় সমন্বয়কের বিরুদ্ধে মামলার হুঙ্কার আ.লীগ নেতার

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার একটি আদালতে শেখ হাসিনার নামে মামলা হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়েন কোটালীপাড়া উপজেলা  আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

ঘটনার প্রতিবাদে কোটালীপাড়া উপজেলার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বুধবার বেলা ১১টায় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ। মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ   ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি কোটালীপাড়া হাসপাতাল সড়ক থেকে শুরু করে উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে জমায়েত হয়।

এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করেছেন, আমরা তাদের নামে গোপালগঞ্জে সত্যি মামলা করবো।’

কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিউর রহমান হাজরা নেতাকর্মীদের উদ্দেশে  বলেন, ‘গত ৫ আগস্টের পর দেশে যত আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশ সদস্য হত্যা হয়েছে এর প্রতিটি হত্যাকাণ্ডের ঘটনাই তারা (বিএনপি-জামায়াত ও আন্দোলনকারীরা) ঘটিয়েছে। কোটা সংস্কারের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ছয় জন সমন্বয়ক মানুষ হত্যা করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগসহ দেশত্যাগে বাধ্য করে নিজেরাই ক্ষমতায় বসেছে, তাদেরকেও এই মামলায় আসামি করা হবে।’

কোটালীপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, ‘শেখ হাসিনার নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার করে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে হবে।’

এ ছাড়াও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।