বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও ট্রেজারারের পদত্যাগ দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন করেন তারা।
বৈষম্যবিরোধী আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্বৈরাচারী, দুর্নীতিবাজ, নিপীড়নকারী ও ফ্যাসিবাদি ভিসি এবং ট্রেজারারকে পদত্যাগ করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ইস্যু করে শেখ হাসিনা যে হত্যাযজ্ঞ চালিয়েছেন, তা সবার মনে ঘৃণা সৃষ্টি করেছে। শেখ হাসিনার মদতপুষ্ট বর্তমান ভিসি ও ট্রেজারার পদত্যাগ না করে পালিয়ে বেড়াচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হ। ক্যাম্পাস অস্থিতিশীল হয়ে উঠছে। এই পরিস্থিতির দায় প্রশাসনকে নিতে হবে। এজন্য ভিসি ও ট্রেজারারকে পদত্যাগ করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক করার আহ্বান জানাই।’
অপর সমন্বয়ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সফিউল ইসলাম আফ্রাদ বলেন, ‘এখানে আমরা শিক্ষক, সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত আছি। আমাদের দাবি একটাই, ভিসি ও ট্রেজারারের পদত্যাগ চাই।’
ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ড. গোলাম রসূল, ড. আবু আশরাফ খান, ড. সফিউল ইসলাম আফ্রাদ, উপ-রেজিস্ট্রার শফিকুল ইসলাম খান, আব্দুল্লাহ মৃধা, সহকারী রেজিস্ট্রার হানিফ পালোয়ান। কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন জাহের আলী, কামাল হোসেন ও আব্দুল কাদের।