আশুলিয়ায় ঢাকা-১৯ আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য সাইফুল ইসলাম ও আওয়ামী লীগের সংসদ সদস্য মুরাদ জংসহ ১১৯ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ৫ আগস্ট ১ দফা দাবি আন্দোলনের সময় আস-সাবুর নামের (১৬) এক স্কুল ছাত্র নিহতের ঘটনায় এই মামলাটি দায়ের করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ওই শিক্ষার্থী জামগড়া শিমুলতলা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। সে স্থানীয় শাহীন স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল।
মামলা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট স্কুলছাত্র আস-সাবুর শিমুলতলার বাসা থেকে বের হয়ে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাইপালের উদ্দেশে রওনা দেয়। পরে সেখানে থাকা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারধর ও গুলি করে হত্যা করে। পরে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে তাদের গ্রামের বাড়ি নওগার মাহেদবপুর এলাকায় দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের প্রতিবেশী চাচাতো ভাই জামগড়া চিত্রাশাইল এলাকার আকবর আলী মোল্লার ছেলে সাহিদ হাসান মিঠু বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ১১৯ জনের নাম উল্লেখসহ আরও একাধিক অজ্ঞাতনামা আসামির কথা বলা হয়েছে।