এবার নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও সাত সাবেক এমপির বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. জনি মিয়া (১৭) নামে এক পরিবহনশ্রমিক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সাত সংসদ সদস্যসহ ১৮৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০-১২০ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নিহতের বাবা ইয়াসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলাটি করেন। নিহত জনি নাফ পরিবহন নামে একটি বাসের হেলপার ছিলেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, আব্দুল্লাহ আল কায়সার, উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালামসহ ১৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী আন্দোলনে নামেন। তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেন। এ সময় কাঁচপুর নার্সারির সামনে ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই দিন বিকাল ৫টার দিকে কাঁচপুর সেতুর ঢালে বুকে গুলিবিদ্ধ হন জনি। এতে ঘটনাস্থলেই মারা যান।