গোপালগঞ্জের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভুঁইয়া এ খালাসের আদেশ দেন।

গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী স্বপন কুমার ওঝা এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে ওই বছরের ২১ ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মানহানি মামলা করেন। প্রায় ১০ বছর পর মঙ্গলবার মামলা থেকে খালাস পান।

অন্যদিকে, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীসহ অন্যদের ফৌজদারি কার্য‌বি‌ধির ২৪৯ ধারায় একটি মারধরের মামলা থেকে খালাস দিয়েছেন একই আদালতের বিচারক।