গাজীপুরের নতুন পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেছেন, ‘আমি স্যার হতে চাই না। আপনাদের পাহারাদার হতে এসেছি। পাহারাদার হিসেবে আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের এই জেলার এসপি হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য পাহারাদার হতে চাই।’
পুলিশের যা কাজ, তা সঠিকভাবে পালন করার জন্য যাতে পরিবেশ তৈরি হয়, সে বিষয়ে তিনি সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘আমরা যে যেখানে আছি, যদি নিজ নিজ দায়িত্ব যথাযথ পালন করি, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।’
রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
এসপি আবুল কালাম আজাদ বলেন, ‘আমি দানব হতে আসিনি, পুলিশিং করতে এসেছি। মাথা উঁচু করে এসেছি, ইজ্জত নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই। পুলিশ জনগণের বন্ধু, এটা আমি প্রমাণ করাতে চাই। আমি সেই পুলিশ হতে চাই, যে পুলিশকে নিয়ে আপনি গর্ববোধ করবেন। আপনারা আমাকে সহযোগিতা করেন।’
তিনি বলেন, ‘বিগত সময়ে পুলিশকে নিয়ে অনেক আলোচনা-সমালোচনা এবং দুঃখজনক ঘটনা ঘটেছে। এসব ভুলভ্রান্তি শুধরে পুলিশকে একটি পেশাদার বাহিনীতে পরিণত করতে চাই। এ জন্য তিনি পুলিশের মনোবল বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করতে সবার সহযোগিতা কামনা করেন। মানবিক পুলিশ, মানবতার ফেরিওয়ালা নয়, সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে পুলিশ বদ্ধ পরিকর।’ পুলিশের পেশাদারত্ব বজায় রাখতে তিনি কাজ করবেন বলে গণমাধ্যমকর্মীদের আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় সাংবাদিকরা আলোচনায় অংশ নিয়ে পুলিশের নানা অনিয়ম তুলে ধরে বলেন, পুলিশের যেকোনও ভালো কাজে আমরা সহায়তা করতে প্রস্তুত আছি। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার জন্য পুলিশ সুপারের প্রতি আহ্বান করেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গোলাম রব্বানী শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম।