আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের দফতর সম্পাদক শাকিলউজ্জামান শাকিল। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে জুমার নামাজ শেষে বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে ট্রাক প্রতীকে সদ্য নিবন্ধন প্রাপ্তিতে আনন্দ র‍্যালি ও পথসভায় তিনি এ কথা জানান।

শাকিলউজ্জামান শাকিল বলেন, ‘গণঅধিকার পরিষদ একটি তারুণ্য ও গণমানুষের দল। সারা দেশে ও দেশের বাইরে দলটির গণজোয়ার তৈরি হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য হলো সারাদেশে সাংগঠনিকভাবে ঐক্য তৈরি করা। সে লক্ষ্যে আমাদের সব সহযোগী অঙ্গসংগঠনকে আরও গতিশীল করার জন্য ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের কাজ করে যাচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব মাহবুবর রহমান রাসেল, যুগ্ম আহ্বায়ক রুবেল খান, মশিউর রহমান, যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, ভূঞাপুর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক জাহিদুর রহমান তরুণ, সদস্য সচিব শাহ আলম প্রমুখ। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।