গাজীপুরে দুই যুবককে হত্যা: শেখ হাসিনা-শেখ রেহানার বিরুদ্ধে দুটি মামলা

গাজীপুরে দুই যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ২১৭ জনের নাম উল্লেখ করে পৃথক দুটি মামলা হয়েছে। দুই মামলায় অজ্ঞাতনামা আরও ৮০০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে কালিয়াকৈর থানায় মামলা দুটি করেন নিহতের স্বজনরা।

নিহত দুজন হলেন কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকার হায়াত আলী ফকিরের ছেলে মো. জসিম ফকির (৩৬) ও উপজেলার সফিপুর এলাকার বাসিন্দা শাহিনুর মাহমুদ শেখ (৪০)। এর মধ্যে একটি মামলা করেছেন জসিম ফকিরের ভাই রিয়াজ ফকির ও আরেকটি করেছেন নিহত শাহিনুরের স্ত্রী সালমা বেগম।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সফিপুর এলাকায় গত ৪ আগস্ট বিকালে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে জসিম ফকির নিহত হন। পরে তার লাশ নিহতের পরিবার উদ্ধার করে নিয়ে যায়। ওই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে নিহতের ভাই রিয়াজ ফকির বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, মোজাম্মেল হক, সাবেক সংসদ সদস্য শেখ হেলালকে হুকুমের আসামি করে ১০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।

অপর মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের ও মোজাম্মেল হককে হুকুমের আসামি করে ১০৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় ৩০০-৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, কালিয়াকৈর থানায় পৃথক দুটি হত্যা মামলা করা হয়েছে। এর মধ্যে একটি শুক্রবার রাতে অপরটি শনিবার সকালে নথিভুক্ত করা হয়েছে।