সাভারের এমপি ডা. এনামুর রহমানের মালিকানাধীন কারখানাসহ দুটি কারখানায় ডাকাতি ও ভাকুর্তা-কেরানীগঞ্জ সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোরে এই ডাকাতির ঘটনাগুলো ঘটে। ডাকাতরা কারখানা দুটি থেকে নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে জানায় কর্মকর্তারা। ডাকাতের হামলায় কারখানা দুটির প্রায় ১০ নিরাপত্তাকর্মী আহত হয়েছে।
কারখানার নিরাপত্তাকর্মীরা বলেন, শনিবার ভোর রাতে সাভারের আমিনবাজার এলাকার পিংক ফুড কারখানার সীমানা প্রাচীরের দেয়াল টপকে ডাকাত দলটি ভেতরে ঢুকে। পরে তারা ওই কারখানার ৬ নিরাপত্তার্মীকে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১লাখ ৭০ হাজার টাকাসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নেয়। ডাকাতরা প্রায় দেড় ঘণ্টা ওই কারখানার ভেতরে তাণ্ডব চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অন্যদিকে শনিবার ভোর রাতে একদল ডাকাত সাভারের রাজফুলবাড়িয়া এলাকার স্থানীয় সংসদ সদস্যের মালিকানাধীন সান-সাইন কারখানার ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের বেঁধে ফেলে। এসময় ডাকাতের হামলায় ওই কারখানার ৪ নিরাপত্তাকর্মী আহত হন। পরে ডাকাতরা ওই কারখানার সিসি ক্যামেরা ভেঙে দুটি ট্রাকে করে কারখানার প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক ডা. রওশান আরা বেগম বলেন, ডাকাত দলের সদস্যরা তার কারখানার প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে।
এদিকে শনিবার ভোর রাতে ডাকাতরা ভাকুর্তা এলাকার ভাকুর্তা কেরানীগঞ্জ সড়কে উপর গাছ ফেলে বেশ কয়েকটি মালবাহী ট্রাকে ডাকাতি করে।
এ ব্যাপারে স্থানীয় ভাকুর্তা ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য শাহাবুদ্দিন মিয়া বলেন, ভাকুর্তা-কেরানীগঞ্জ সড়কে ওপর গাছ ফেলে প্রায়ই ডাকাতি করা হয়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। তবে লুণ্ঠিত মালামাল উদ্ধার বা এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে তিনি জানান।
/জেবি/টিএন/