ঝুট ব্যবসার দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় যুবদল নেতা পলাশ বহিষ্কার

গাজীপুরে কারখানার ঝুট ব্যবসার দখল নিয়ে যুবদল ও কৃষক দলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম পলাশ চঞ্চলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকালে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসএম পলাশ চঞ্চলকে দল থেকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির অপকর্মের কোনও দায়দায়িত্ব দল নেবে না। যুবদলের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এই সিদ্ধান্ত ইতোমধ্যে কার্যকর করেছেন।

একই দিন সকাল ১০টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তার দক্ষিণ পাশে ২ নম্বর সিঅ্যান্ডবি সংলগ্ন এসকিউ গ্রুপের এসকিউ সেলসিয়াস লিমিটেড সোয়েটার কারখানার ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় যুবদল ও কৃষক দলের দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে। সেইসঙ্গে ওই কারখানার সামনে ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এসকিউ সেলসিয়াস সোয়েটার কারখানার ঝুট ব্যবসার ওয়ার্ক অর্ডার নিয়ে শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক এসএম পলাশ চঞ্চল বুধবার সকালে কারখানা থেকে ঝুট বের করতে যান। এ সময় জেলা কৃষক দলের সভাপতি আবুল কালাম আজাদের লোকজন বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন তারা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। ইটপাটকেলের আঘাতে আহত হন দুই পক্ষের পাঁচ-ছয় জন।