মাদারীপুর জেলার শিবচরে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম ফকির (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তিনি উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ড সদস্য এবং মাগুরখণ্ড এলাকার ইয়াছিন ফকিরের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কাজ সেরে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরতে একটি ভ্যানে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে তোফাজ্জল ফকির বলেন, ‘ইউনিয়ন পরিষদে কাজ শেষে আব্বা বাড়ি ফেরার জন্য একটি ভ্যানে উঠতে গেলে একটি ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাত পান। পরে হাসপাতালে আনার পর বাবার মৃত্যু হয়।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, ‘খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’