আশুলিয়া শিল্পাঞ্চল

কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়ক অবরোধ, আজও বন্ধ ১৬টি

আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়া ও বেতন বৃদ্ধির দাবিতে বাইপাইল আব্দুল্লাপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জিরাবো এলাকায় লুসাকা কারখানার শ্রমিকরা এই অবরোধ পালন করেন। তাদের সঙ্গে মণ্ডল গ্রুপের শ্রমিকরাও বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বিক্ষোভ করেন।

পরে শ্রমিকরা ওই এলাকার আশপাশের কারখানায় ঝামেলা করার চেষ্টা করলে আরও চারটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়াও অনির্দিষ্টকালের জন‍্য এখনও বন্ধ রয়েছে ১০টি ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়।

শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বিভিন্ন দাবির মুখে লুসাকা কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ শনিবার বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করেন। পরে তারা ওই এলাকার কয়েকটি কারখানার সামনে গিয়ে গোলযোগ করলে ৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এ ছাড়া বেতন বৃদ্ধির দাবিতে মণ্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

কারখানা ও পুলিশের একটি সূত্র জানায়, কারখানায় এসে কাজ না করে কর্মবিরতি পালন করে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা । পরে সেগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আশুলিয়া এলাকায় প্রায় ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিকেল নাগাদ এই সংখ্যা বাড়তে পারে বলেও জানা গেছে ।

শিল্পপুলিশ জানায়, শিল্পাঞ্চল আশুলিয়ায় পুরোদমে উৎপাদন চলছে। তবে কয়েকটি কারখানায় আজও উৎপাদন বন্ধ রয়েছে। শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১০টি, এ ছাড়া সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৬টি কারখানায়। বেতন বৃদ্ধির দাবিতে মণ্ডল গ্রুপের শ্রমিকরা জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘শ্রম আইন ২০০৬ সালের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১০টি কারখানা ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে ৬টিতে। মোট ১৬ টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে মণ্ডল গ্রুপের শ্রমিকরা বিক্ষোভ করছেন। আমরা বুঝিয়ে তাদের সরিয়ে দিয়েছি।’