গাজীপুরে কারাখানা কর্তৃপক্ষ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী শ্রমিকদের দাবি না মানা এবং ১৬ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা-নবীনগর অংশের জিরানী এলাকায় আইরিশ ফেব্রিক্স লিমিটিড এবং আইরিশ নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা আবারও অবরোধ করে রেখেছেন। এতে মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা।
আন্দোলনের মুখে বিশৃঙ্খলা ও কারখানায় ভাঙচুর এড়াতে আশপাশের প্রায় ১৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রেখেছেন শ্রমিকেরা।
শ্রমিকদের দাবিগুলো হলো, প্রশাসন বিভাগের (জিএম) হালিম হোসেন, উৎপাদন সেকশনের মহাব্যবস্থাপক (জিএম) মাহাবুব আলম, আই ই ম্যানেজার জাকির হোসেন, নিরাপত্তাপ্রহরী গফুরের অপসারণ। এ ছাড়া শ্রমিকদের নির্যাতন করা যাবে না, কোনও প্রকার অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না, জরুরি শিপমেন্টের জন্য শুক্রবার কাজ করলে ডাবল ওভারটাইম দিতে হবে, পুরো মাস কাজ করার পর বেতনের আগে জরুরি কাজে কোনও শ্রমিক অনুপস্থিত থাকলে বেতন আটকে রাখা যাবে না, শ্রমিকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি দিতে হবে, ছুটি কাটালে হাজিরা বোনাস কাটা যাবে না, হাজিরা বোনাস সবার সমান করতে হবে, স্থানীয় কোনও স্টাফ কারখানায় রাখা যাবে না, সকল সরকারি ছুটি দিতে হবে, সার্ভিস বেনিফিট চালু করতে হবে, চাকরির বয়স এক বছর হলে একটা বেসিক দিতে হবে, নাইট বিল ১০০ টাকা, টিফিন বিল ৫০ টাকা, হাজিরা বোনাস ৮২৫ টাকা দিতে হবে, শ্রমিক ছাঁটাই করলে করলে ৬ মাস ১৩ দিনের বেতন দিতে হবে, আন্দোলনের পর কোনও শ্রমিক ছাঁটাই করা যাবে না, আন্দোলনের ইস্যু নিয়ে শ্রমিক ছাঁটাই করলে বড় আকারে আন্দোলনের পদক্ষেপ, বিশেষ কারণে কোনও শ্রমিক এক ঘণ্টা দেরি করে কারখানায় প্রবেশ করলে হাজিরা বোনাস কাটা যাবে না এবং প্রতিদিন ৫ মিনিট দেরি হলে হাজিরা বোনাস কাটা যাবে না, পরিচ্ছন্নতাকর্মীদের (ক্লিনার) ওভারটাইম দিতে হবে।
আন্দোলরত শ্রমিকরা জানান, কারখানা কর্তৃপক্ষ দাবি মানার প্রতিশ্রুতি দিয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) কারখানা ছুটি দিয়ে দেয়। শুক্রবার সপ্তাহিক বন্ধ থাকার পর শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগদান করেন। প্রতিশ্রুতি অনুযায়ী কারখানা কর্তৃপক্ষ দাবি না মানার ঘোষণা দিলে শ্রমিকরা সকাল থেকে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা-নবীনগর অংশের জিরানী এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
নারী শ্রমিকেরা বলেন, ‘আমাদের কোনও দাবিদাওয়া না মানায় আমরা সড়ক অবরোধ করেছি। উৎপাদন সেকশনের মহাব্যবস্থাপক (জিএম) মাহাবুব আলম শিপমেন্টর দোহাই দিয়ে সারা রাত আমাদের কাজ করিয়ে ১০ টাকার টিফিন দেয়। দশ বছর যাবৎ চাকরি করছি আমাদের সার্ভিস বেনিফিট দেয় না। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং বড় আন্দোলনের ডাক দেবো।’
গাজীপুর শিল্পপুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, শনিবার সকাল থেকেই আইরিশ ফেব্রিক্স লিমিটিড এবং আইরিশ নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা ১৬ দফা দাবিতে চন্দ্রা-নবীনগর অংশের জিরানী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। কর্তৃপক্ষ কিছু দাবি মেনেও নিয়েছে। আন্দোলনের মুখে বিশৃঙ্খলা ও কারখানায় ভাঙচুর এড়াতে আশপাশের প্রায় ১৭টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এসব বিষয়ে কারাখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।