বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে গাজীপুর কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) জোবায়ের আহমেদ।
গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল (৫০), আটাবহ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার সুজন (৩৩), একই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ইয়াসিন (৪০), সূত্রাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হোসাইন (৫২), সুত্রাপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ (৬০), ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সম্রাট হোসেন (২৮)।
পরিদর্শক জোবায়ের আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ৫ আগস্ট কালিয়াকৈর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলা হয়েছে। ওসব মামলার আসামি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ওই ছয় নেতাকে গ্রেফতার করে দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।’