গাজীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের আবারও সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক পথচারী গুলিবিদ্ধসহ তিন জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার (০৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মহানগরের জয়দেবপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মহানগরের সাহাপাড়া এলাকার বিএনপি নেতা কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের অনুসারী সৌরভের সঙ্গে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির অনুসারী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম সাগরের পক্ষের লোকজনের গোলাগুলি ও ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রিকশাযোগে যাওয়া পথচারী ছাবেদ তালুকদার (৫২) গুলিবিদ্ধ হন। সেইসঙ্গে প্রতিপক্ষের লোকজন সাগর গ্রুপের সফিকুল ইসলাম টিটুকে (৪৫) এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পাশাপাশি আরেকজনকে পিটিয়ে আহত করা হয়। আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপে অর্থ বিতরণের একটি অনুষ্ঠান জয়দেবপুর রেলক্রসিং সংলগ্ন কালীমন্দিরে চলছিল। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানের শেষপর্যায়ে মন্দির এলাকার বাইরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পরিদর্শক (তদন্ত) রাহেদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়েছেন।
এর আগে ৩০ আগস্ট রাতে জেলা শহরের ছায়াবিথীর হাক্কানী এলাকায় এই দুই গ্রুপের সংঘর্ষে সৌরভ গ্রুপের ফাহিম (২২) নামে এক যুবক নিহত হন। নিহত ফাহিম মহানগরের মুন্সিপাড়ার মৃত ওয়াসিমের ছেলে।