গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দ্বিতীয় শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে কোটালীপাড়া থানায় একটি মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ অক্টোবর) রাতে ওই শিশু ছাত্রী ঘরে বসে বই পড়ছিল। এ সময় তার বাবা পারিবারিক কাজে বাহিরে থাকায় শিশুটিকে ঘরে একা পেয়ে প্রতিবেশী মনোতোষ মধু (২৪) ধর্ষণ করে পালিয়ে যায়। অভিযুক্ত পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক।
এ ঘটনায় ওই স্কুল ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রবিবার (৬ অক্টোবর) তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ওই স্কুলছাত্রীর বাবা বলেন, এ ঘটনার পর এলাকার প্রভাবশালীদের দিয়ে আমাদেরকে হুমকি দেওয়ায় মামলা করতে দেরি হয়েছে। আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে, আমি তার কঠিন শাস্তি কামনা করি।
কোটালীপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামি বর্তমানে পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতার করে আইনি পদক্ষেপ গ্রহণের চেষ্টা অব্যাহত রয়েছে।