ফরিদপুর শহরের প্রাণ কেন্দ্র আলীপুর রেড ক্রিসেন্ট মার্কেটের নিচে একটি পানের দোকান থেকে চাঁদা নেওয়ার সময় এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা হামলাকারীকে আটক করে মারধর করে পুলিশে দিয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) শহরের আলীপুর কবি জসীমউদ্দীন রোডে এ ঘটনা ঘটে।
আহত বিএনপি নেতা হলেন- জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন ঝিনু। বর্তমানে তিনি আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের বড় ভাই।
কোতোয়ালি থানার ওসি আসাদউজ্জামান জানান, সাগর খন্দকার নামের এক যুবক সকালে শহরের রেড ক্রিসেন্ট মার্কেটের নিচের একটি পান দোকান থেকে চাঁদা নিতে আসেন। এ সময় সেখানকার ব্যবসায়ীরা বিষয়টি ফরহাদ হোসেন ঝিনুকে জানান। এ ঘটনায় তিনি সাগরকে শহরের জসীমউদ্দীন রোডে ডেকে বিষয়টি না করতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে চাইনিজ কুড়াল দিয়ে ঝিনুকে কয়েকটি কোপ দেন। পরে লোকজন তাকে ঘিরে ধরে মারধর করে কোতোয়ালি থানায় সোপর্দ করেন।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, অভিযুক্ত সাগরকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।