কমপ্লিট শাটডাউন

মানিকগঞ্জে সাড়ে ৩ ঘণ্টা পর ফিরলো বিদ্যুৎ, কমলো দুর্ভোগ

কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্তের প্রতিবাদে ও দুই দফা দাবিতে মানিকগঞ্জের পুরো জেলায় বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখেন পল্লীবিদ্যুৎ সমিতির (পবিস) কর্মকর্তা-কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েন জেলাবাসী। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বিদ্যুৎসংযোগ চালু হয়।

মানিকগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা পবিস সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে দুই দফা দাবিতে সারা দেশে পবিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবি, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লীবিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা।

এদিকে, দুর্নীতির দায়ে আজ সারা দেশে পবিসের ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এর প্রতিবাদে ও দুই দফা দাবিতে আজ সকালে মানিকগঞ্জ সদরের বাগজান এলাকায় পবিসের প্রধান কার্যালয় প্রাঙ্গণে কর্মবিরতি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা। একপর্যায়ে বেলা ১১টার দিকে পুরো জেলায় বিদ্যুৎসংযোগ বন্ধ করে দেন তারা। এতে ভোগান্তিতে পড়েন জেলাবাসী।

খবর পেয়ে দুপুর ১টার দিকে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। যৌথ বাহিনীর সদস্যরা বিদ্যুৎসংযোগ দেওয়ার জন্য পবিসের কর্মকর্তাদের নিয়ে আলোচনায় বসেন। এরপর বেলা আড়াইটার দিকে বিদ্যুৎসংযোগ পুনরায় সচল করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘সারা দেশে পবিসের কর্মকর্তাদের বরখাস্তের প্রতিবাদে এবং দাবিদাওয়া নিয়ে বিদ্যুৎসংযোগ বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করেন জেলা পবিসের কর্মকর্তা-কর্মচারীরা। যৌথ বাহিনীর সদস্যদের হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে বিদ্যুৎসংযোগ পুনরায় চালু করা হয়।’