‘দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখাকে জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখাকে জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। এখনও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’

বুধবার (৩০ অক্টোবর) বিকালে নরসিংদীর শীলমান্দিতে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়া, মামলা প্রত্যাহার, খুনিদের বিচার করা ও দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা- এ দাবি সবার উল্লেখযোগ্য।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনও বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে বসে আছে। তাদেরকে যতক্ষণ পর্যন্ত অপসারণ অপসারণ করা না হবে, ততক্ষণ দেশে সংস্কারও হবে না, সুষ্ঠু নির্বাচনও হবে না। শেখ হাসিনা বলেছিল, শেখের বেটি পালায় না, কিন্তু ঠিকই তিনি পালিয়ে গেছেন। তার দোসররা এখনও আছেন তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের বিষদাঁত আমরা ভেঙে দেবো।’

শীলমান্দি ইউনিয়ন বিএনপির হাজী ছানাউল্লাহ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা যুবদলের আহবায়ক মহসিন হোসাইন বিদ্যুৎ, নরসিংদী সরকারি কলেজ এর সাবেক ভিপি ইলিয়াছ আলী ভূঁইয়া প্রমুখ।