দল থেকে পদত্যাগ করলেন কারাগারে থাকা জেলা আ.লীগ সভাপতি

পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা। একাধিক মামলায় গ্রেফতার হয়ে তিনি বর্তমানে মাদারীপুর জেলা কারাগারে আছেন।তার আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট সুজিত চাটার্জি বাপ্পী বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তার স্ত্রী অধ্যাপিকা শাবানা শাহীন জানান, তার স্বামী শাহাবুদ্দিন আহমেদ গত ২৫ অক্টোবর পদত্যাগ করেছেন। তিনি পুলিশ সুপারের কাছে এক লিখিত এক আবেদনেও পদত্যাগের বিষয়টি উল্লেখ করেছেন।

আইনজীবী সুজিত চাটার্জী বাপ্পী জানান, গত শুক্রবার (২৫ অক্টোবর) তিনি  মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে শাহাবুদ্দিন আহমেদ মোল্লা লিখিতভাবে পদত্যাগ করেছেন। পদত্যাগের কথা বৃহস্পতিবার আদালতে প্রকাশ্যে সবাইকে জানিয়েছেন।  

তিনি আরও জানান, শাহাবুদ্দিন আহমেদ মোল্লার বিরুদ্ধে যেসব মামলা করা হয়েছে- সেসব ঘটনার সময় তিনি বিদেশে অবস্থান করছিলেন। এ ছাড়াও তার বুকে পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ব্রঙ্কাইটিস অ্যাজমার কারণে দিনে কয়েকবার তাকে নেবুলাইজার ব্যবহার করতে হয়। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে এ বিষয়ে মাদারীপুর জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। মামলার আসামি হওয়ায় অনেকই আত্মগোপন রয়েছেন। দলীয় কার্যালয়টিও বর্তমানে বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ একাধিক সিনিয়র নেতাদের মোবাইল নম্বর।