গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১৫

গোপালগঞ্জে শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে দুই জন টেঁটাবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকে থেমে থেমে দেশীয় অস্ত্র নিয়ে সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামে এ সংঘর্ষ হয়।

মারাত্মক আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ (৪০) ও নয়ন শেখ (৩০) নামে দুই জন টেঁটাবিদ্ধসহ চার জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের মিকাইল শেখের সঙ্গে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র বিশেষ করে টেঁটা (ফুলকুচি) নিয়ে সংঘর্ষে জড়ান।

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সংঘর্ষের খবর পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।