ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন ২ কারখানার শ্রমিকরা

বন্ধ ঘোষণা করা দুটি কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এমএম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ করেছেন। 

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। রবিবার (২২ ডিসেম্বর) সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার প্রধান ফটোকে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। বিকালে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষ আলোচনায় বসার শর্তে তারা বিক্ষোভ প্রত্যাহার করে নেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদেরকে শর্ত সাপেক্ষে কারখানায় যোগদানের কথা জানায়।

কিন্তু দুই কারখানার শ্রমিকরা তা মেনে না নিয়ে সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কোনাবাড়ী এলাকায় কারখানার সামনে জড়ো হয়। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়।

শ্রমিকদের নামে মামলা প্রত্যাহার এবং বিনা শর্তে কারখানা খুলে দেওয়ার দাবি জানান। এর আগে ১৭ ডিসেম্বর আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে কারঝানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

গত ৩ নভেম্বর বিক্ষোভ চলাকালে শিল্প পুলিশের এক সদস্য আহত হওয়ার ঘটনায় শিল্প পুলিশ বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০/৬০ শ্রমিককে আসামি করে মামলা করেন। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ -২ এর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে দুটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছেন। কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। ঘটনাস্থলে আমাদের শিল্প পুলিশসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানার সদস্যরাও রয়েছেন।