শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহার, ৪ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

কারখানা খুলে দেওয়ার দাবি মেনে নেওয়ায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। এর মধ্য দিয়ে চার ঘণ্টা পর সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সড়কটিতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।

কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার সকালে কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। বিকালে তারা ফিরে যান। সোমবার সকালে আবার তারা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৃথক দুটি স্থানে সড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিকরা বিনা শর্তে কারখানা খুলে দেওয়া ও শ্রমিকদের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ দাবিগুলো মেনে নিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। মঙ্গলবার সকাল থেকে কারখানা দুটিতে শ্রমিকরা কাজে যোগ দিতে পারবেন বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ১৭ ডিসেম্বর শ্রমিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে কাজ বন্ধ করে দেন শ্রমিকরা। পরে কর্তৃপক্ষ ১৮ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের শর্ত মেনে নিলে অবরোধ প্রত্যাহার করা হয়। দুপুর দেড়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।’