সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: গোলাম পরওয়ার

আগামী সংসদ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচনি ব্যবস্থাসহ প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (১৩ জানুয়ারি) বিকালে মাদারীপুর শহরের লেকেরপাড়ের মুক্তমঞ্চে বাংলাদেশ জামায়াত ইসলামী মাদারীপুর জেলা শাখার কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানিয়েছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সংখ্যানুপাতিক নির্বাচন আয়োজন করলে দেশের ছোট বড় রাজনৈতিক দলগুলো কম করে হলেও একটি আসন পাবে। এতে রাজনৈতিক দলগুলো তাদের সৎ যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি সমৃদ্ধ আইন সভা করতে পারবে। তাই দ্রুত প্রয়োজনীয় নির্বাচনি ব্যবস্থার সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন।’

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘শেখ হাসিনা ভারতের সেবাদাস হয়ে রাষ্ট্র চালিয়েছে। এখন সে সেখানেই পালিয়ে গেছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনা আমাদের নেতাদের অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সেই মঞ্চেই তার ফাঁসি আয়োজন প্রস্তুতি চলছে।’

বাংলাদেশ জামায়াত ইসলামীর মাদারীপুর জেলা শাখার আমির মোকলেসুর রহমানের সভাপতিত্ব ও জেলা সেক্রেটারি এনায়েত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সদস্য শামসুল ইসলাম আল-বারাদী, বাংলাদেশ জামায়াত ইসলামীর ফরিদপুর অঞ্চলের সদস্য মাওলানা আবদুস সোবাহন খান, ফরিদপুর জেলা আমীর বদরউদ্দিন প্রমুখ।