রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেনাসদস্যের নাম আজিজুল হক ওরফে আরজু (২৪)। তিনি রাজবাড়ী সদর আলিপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মোস্তাফা ব্যাপারীর ছেলে। সিলেটের জালালাবাদ সেনানিবাসের ২২ ফিল্ড রেজিমেন্ট অর্টিলারি ইউনিটের একজন সৈনিক।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান। তিনি বলেন, সন্ধ্যার পর সেনা সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
নিহতের শ্বশুর হারুন বলেন, আজিজুল কয়েকদিন আগে গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার বিকালে মোটরসাইকেল নিয়ে গোয়ালন্দের উদ্দেশ্যে বের হয়। গোয়ালন্দ থেকে বাড়ি ফেরার পথে নতুন রাস্তা এলাকায় পৌঁছালে পথচারীকে বাঁচাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ বলেন, আজিজুল ছুটিতে তার নিজ গ্রামের বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার বিকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। নতুনরাস্তা এলাকার এলে পতিমধ্যে মহাসড়ক পার হওয়া এক বৃদ্ধ পথচারী তার মোটরসাইকেলের সামনে দিয়ে পার হতে গেলে তখন ওই বৃদ্ধকে বাঁচাতে গেলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথায় হেলমেড না থাকায় গুরুতর আহত ও রক্তাক্ত জখম হন। ওই সময় মহাসড়ক থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।