কারখানা বিক্রির গুজব ও বেতনের দাবিতে শ্রমিকদের ৯ ঘণ্টা সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে কারখানা বিক্রির গুজব এবং বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উসমান গ্রুপের টু-পাস ড্রেসেস পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টা মাওনা-কালিয়াকৈর সড়কের উপজেলার কাওরান বাজারে কারখানার সামনে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টু-পাস ড্রেসেস পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেন। ওই দিন মালিকপক্ষ বেতন-ভাতা পরিশোধের জন্য দুই দিনের সময় নেয়। রবিবার সকাল ১০টার মধ্যে সমস্যা সমাধান করার কথা। সোয়া ১০টা পর্যন্ত মালিকপক্ষের লোক না আসায় শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

তারা বলেন, কারখানা কর্তৃপক্ষ মালামাল সরিয়ে নেওয়ায় আমরা সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছি। আমরা শুনেছি মালিক চায়না মালিকের কাছে কারখানা বিক্রি করে দিয়েছেন। ক্রেতা কারখানায় প্রবেশ করে বিভিন্ন সেকশন বুঝে নিয়ে মেশিন ও যন্ত্রপাতি সরিয়ে নিচ্ছেন। মালিক তার কারখানা বন্ধ করবে, বিক্রি করবে তাতে আমাদের সমস্যা নেই। কিন্তু আমাদের ন্যায্য দাবি তো মানবে। সামনে ঈদ। এ মুহূর্তে আমাদের চাকরিচ্যুত করার পাঁয়তারা করা হচ্ছে। আমরা জানতে পারছি, চায়না মালিক এসে শ্রমিক ছাঁটাই শুরু করবে। মালিকপক্ষ দুই দিন সময় নিয়ে সমাধানের আশ্বাস দিয়ে আজকে কারখানায় আসেনি।

টু-পাস ড্রেসেস পোশাক কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, ‘গত বৃহস্পতিবার কারখানার শ্রমিকরা আন্দোলন করলে আজকে তাদের সমাধানের কথা বলা হয়েছিল। শ্রমিকদেরকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সারা দিন কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনা করেও কোনও সমাধান জানাতে পারেনি। সারা দিন শ্রমিকরা মাওনা-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় এ সড়কে চলাচলকারী যাত্রী, চালক ও স্থানীয়দের দুর্ভোগে পড়তে হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ২টার মধ্যে মালিক না আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সন্ধ্যা সোয়া ৭টার দিকে সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।’