সাভারে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের নারী ও শিশুসহ সাত জন দগ্ধ হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে হেমায়েতপুরের নালিয়াশুর এলাকায় নোয়াব আলীর একতলা বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন জিসান (২০), সোলেমান (১৮), শিল্পী (৪০), তার ছেলে সজীব (৭), হালিমা আক্তার (৪০), আমেনা বেগম (৬০) ও সুজাত মোল্লা (২৭)। তারা সবাই আত্মীয় বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
আহতদের প্রতিবেশী মো. আকাশ বলেন, সন্ধ্যায় অতিথিদের বিদায় দিতে বাহিরে যান বাড়ির মালিকের পরিবারের কয়েকজন সদস্য। এ সময় তালাবদ্ধ রান্নাঘর থেকে গ্যাসের গন্ধ আসায় পরিবারের অন্য সদস্যরা সেটি খুলতে যান এবং চাবি খুঁজে না পেয়ে তালা ভাঙার চেষ্টা করেন। তালা ভাঙার জন্য আঘাত করতেই বিস্ফোরণ ঘটে। এতে রুমের আশেপাশে থাকা সাত জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক ইউসুফ আলী বলেন, ‘সন্ধ্যায় দগ্ধ সাত জনকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের শরীরে ৫ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।’