মানিকগঞ্জে বিদ্রোহী ২৪ প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

ইউপি নির্বাচন-২০১৬মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২৪ জনকে (চেয়ারম্যান প্রার্থী) বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। রবিবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলার হরিরামপুর উপজেলার ১২টি ইউনিয়নে ও দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হিসেবে ২৪ জন আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের দলীয় থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন হরিরামপুরের বাল্লা ইউনিয়নে শফিকুল ইসলাম হাজারী শামীম ও স্বপন কুমার ঘোষ, গোপিনাথপুরের মাহমুদুল হাসান মোল্লা ও শওকত আলী মোল্লা জাহাঙ্গীর, গালা ইউনিয়নের এম সালাহউদ্দিন বুলবুল, আব্দুল মান্নান ও হামিদুর রহমান শিকদার লেবু, চালা ইউনিয়নে মো. সেলিম মোল্লা, রামকৃষ্ণ ইউনিয়নে বজলুর রহমান, বয়ড়ায় পবিত্র কুমার শাখারী, হারুকান্দিতে আসাদুজ্জামান চুন্নু, সুতালড়ি ইউনিয়নে সেকেন্দার আলী বিশ্বাস এবং আজিমনগর ইউনিয়নে মো. আরব আলী। এদিকে, দৌলতপুর ইউনিয়নের চকমিরপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ তার অনুগত সাতজনকে বহিষ্কার করা হয়। অন্যদিকে, ধামশ্বর ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী  আব্দুল মজিদ প্রধান ও হারুন কুদ্দুস, কলিয়া ইউনিয়নে জাকির হোসেন, আবুল হোসেন ও আব্দুল বাতেন, বাচামারা ইউনিয়নে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ, চরকাটারীতে আব্দুল বারেক ও আইয়ুব আলী, জিয়নপুরে ইশারত আলী, বাঘুটিয়ায় তোফাজ্জল হোসেনকে বহিষ্কার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য শামসুল আলম শিরু দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও অজ্ঞাত কারণে তাকে বহিষ্কার করা হয়নি।

/বিটি/