নরসিংদীতে বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

নির্বাচন বর্জনপ্রথম ধাপের ইউপি নির্বাচনে (২২ মার্চ অনুষ্ঠেয়) গজারিয়া ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
সোমবার বিকালে নিজ বাড়ি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা এলাকায় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন বিএনপির মনোনীত ও ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান হাজী লাল মিয়া।
এসময় বক্তব্যে তিনি উল্লেখ করেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই সরকার সমর্থিত প্রার্থী ও তার কর্মীরা তার কর্মীবাহিনীকে অবিরত হুমকি দিয়ে আসছে এবং বাড়িতে হামলা চালিয়েছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি আমার কর্মী বাহিনীর নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা থাকায় নির্বাচন বর্জন করছি। সোমবার সন্ধ্যার মধ্যেই আমি লিখিতভাবে নির্বাচন কমিশনকে এ সিদ্ধান্ত জানিয়ে দেব।

প্রথম ধাপের ইউপি নির্বাচনে নরসিংদী পলাশ উপজেলার গজারিয়া ও ডাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন। এর মধ্যে গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জনের স্থলে ২ জন, সাধারণ সদস্য পদে ৪৯ জন ও সংরক্ষিত মহিলা পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮শত ৯৮ জন।

/এইচকে/