‘কিছু মানুষ ও দল টাকার লোভে আ.লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে’

বিএন‌পির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘কিছু মানুষ ও রাজনৈতিক দল টাকার লো‌ভে আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে চাইছে। এরা রক্তের সঙ্গে বেইমানি করতে চাইছে।’

রবিবার (৬ এপ্রিল) বিকালে টাঙ্গাইলের গোপালপুরে সূতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘কারা নির্যাতিত’ নেতা আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আব্দুস সালাম পিন্টুকে গত ১৭ আগস্ট মৃত্যুদণ্ড নিশ্চিত করে ২১ আগস্ট আওয়ামী লীগ আনন্দ উল্লাস করতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে তা করতে পারেনি। আওয়ামী লীগ নিজেরাই পাপের শাস্তি ভোগ করছে দেশ থেকে পালিয়ে গেছে।’

তিনি বলেন, ‘আপনাদের কৌশল আমরা বুঝি, আপনারা সংস্কারের নামে দল গোছানোর সময় নিচ্ছেন তা বললেই হয়। বিএনপি অনেক আগেই এই সংস্কারের কথা বলেছে। তাই যারা বলেন সংস্কার করবেন, তারা এই চিন্তা বাদ দিয়ে নির্বাচন পথে আসেন।’

এ সময় সংবর্ধিত অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু বলেন, ‘ওনারা আমাকে বিনা কারণে ১৭ বছর কারাবরণ করিয়েছে। আল্লাহর রহমত থাকার কারণে আমার প্রিয় গোপালপুরের মাটিতে আবার দেখা হলো। আমার পাশ থেকে নিয়ে নিজামী ও গোলাম আযমকে ফাঁসি দেওয়া হয়েছে। চিকিৎসার নামে দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে। আমাকেও তাই করতে চেয়েছিল। কিন্তু পারেনি। শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। আমরা জুলাই আন্দোলনের সব শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই।’

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘কে বলেছে জনগণ নির্বাচন চায় না? আপনারা দেখে যান গোপালপুরের মানুষ নির্বাচন চায়। তাই বলতে চাই অতিদ্রুত নির্বাচন দিন।’

গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন০ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাঈদ সোহরাব, নির্বাহী সদস্য এস এম ওবায়দুল হক নাসির, মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।