টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে

Tangail UP election-04

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। মঙ্গবার সারাদেশে প্রথম দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলেও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুয়ায়ী আজ টাঙ্গাইলে নির্বাচন হচ্ছে।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ এক টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা যাচ্ছে। কেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিতিও লক্ষ্য করা গেছে। পুরুষের চেয়ে মহিলা ভোটারের উপস্থিতিই বেশি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রতীক থাকায় ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা যাচ্ছে। 

১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে ৪৪৫জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১১টি ইউনিয়নের মোট ১০৩ টি কেন্দ্রের ৫৬৬টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ৭৫৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪ হাজার ৫৭২ জন এবং মহিলা ভোটার ৯৯ হাজার ২৫৩ জন।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনি এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র ও  নির্বাচনি এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার দায়িত্ব পালন করছেন। এছাড়াও ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্টাইকিং ফোর্স ও ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে।

গত ২০ মার্চ টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচন হওয়ার কথা থাকায় নাগরপুরের ইউপি নির্বাচন ২২ মার্চ থেকে একদিন পিছিয়ে ২৩ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন দাখিল শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭৭ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১৪ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। আর বিএনপিতে রয়েছেন চারজন বিদ্রোহী প্রার্থী। চরাঞ্চল অধ্যুষিত নাগরপুরের ভারড়া ইউনিয়নে নদী ভাঙনের কারণে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

/জেবি/