স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

টাঙ্গাইলের মির্জাপুরে পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে গা‌র্মেন্টস কর্মী স্ত্রীকে গলা কেটে হত‌্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরু‌দ্ধে। এই ঘটনার পর স্বামী সুজন মিয়া পলাতক র‌য়ে‌ছেন। বৃহস্প‌তিবার (২৯ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম কবিতা আক্তার (২৫)। তার গ্রা‌মের বা‌ড়ি নীলফামারী জেলায়। তারা উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাক‌তো।

স্থানীয়রা জানান, সুজন মিয়া ও তার স্ত্রী কবিতা আক্তার দুই সন্তান নিয়ে মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাক‌তো। কবিতা ওই এলাকার এক‌টি পোশাক কারখানায় কাজ করতো। তার স্বামী সুজন পেশায় একজন মেকানিক। গতকাল রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সুজন মিয়া উত্তেজিত হয়ে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে কবিতাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। প‌রে আশপাশের বাসার লোকজন ঘটনার বিষয়টি টের পেয়ে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘স্ত্রীকে হত‌্যার পর স্বামী পলাতক র‌য়ে‌ছে। এই ঘটনায় নিহত ক‌বিতার বাবা বাদী হ‌য়ে থানায় হত‌্যা মামলা দা‌য়ের ক‌রে‌ছেন।’