বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘১০ মাস হতে চললো। গণঅভুত্থ্যানে স্বৈরতন্ত্রের পতন হলেও এখনও গণতান্ত্রিক বাংলাদেশ নির্বাচনের জন্য যে পদক্ষেপ, সেটা নিতে পারি নাই। সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, সেটাই আমরা করতে পারি নাই। সংস্কারের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের ছবক শোনাচ্ছে এই সরকার। যত দিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে, তত দিন ফ্যাসিবাদকে দাফন কাফন করা যাবে না।’
বুধবার (০৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকারের সঙ্গে আমরা আছি, বিএনপি আছে। কিন্তু সরকার যেন বিভ্রান্ত না হয়, ভুল পথে না যায়, সেজন্য আমরা তাকে স্বাভাবিক গ্রহণযোগ্য পথে আনার জন্য সমালোচনা করি। এই সরকারকে অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে। দেশের পক্ষে থাকতে হবে, গণতন্ত্রের পক্ষে থাকতে হবে, স্বাধীনতার পক্ষে থাকতে হবে। এমন কোনও পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না, যে বক্তব্যের কারণে ঐক্য বিনষ্ট হবে। ঐক্য বিনষ্ট হলে স্বৈরতন্ত্রের সুবিধা, আমরা সেটা হতে দিতে পারি না।’
মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মৎস্যজীবী দলের সাবেক কেন্দ্রীয় সদস্যসচিব আবদুর রহিম, মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ, মহানগর মৎস্যজীবী দলের সদস্যসচিব নাসির উদ্দিন জাহান প্রমুখ।