গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় একটি মেয়েকে যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষে আহত ১২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মারাত্মক আহত তরিকুল ইসলামকে (৩০) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দিবাগত রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে থেমে থেমে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মিরাজ মোল্লার ছেলে মোক্তার মোল্লার সঙ্গে একই গ্রামের হেদায়েত মেম্বারের ছেলে জামাল সিকদারের সঙ্গে একটি মেয়েকে যৌন হয়রানি করা নিয়ে বাগবিতণ্ডা হয়। এরই জেরে বৃহস্পতিবার দিবাগত রাতে উভয়পক্ষ ইট-পাটকেল, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় গ্রুপের কমপক্ষে ২৫ জন আহত হন। এই দুই গ্রুপের মধ্যে আগে থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনও পক্ষ থেকে অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।