গাজীপুরে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ

গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরের পর শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজট সৃষ্টি হয়। এর আগে জৈনাবাজার এলাকায় কারখানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
 
বিক্ষোভকারী শ্রমিকরা জানান, প্রতি মাসের সপ্তম কর্মদিবসের মধ্যে তাদের বেতন পরিশোধের কথা থাকলেও কারখানা কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না। বারবার তারিখ দিয়েও মালিক কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছে না। সর্বশেষ বৃহস্পতিবার বকেয়া বেতন দেবে বলেছিল কর্তৃপক্ষ। তারা কাজে এসে জানতে পারেন আজও বেতন হবে না। পরে শ্রমিকরা কাজ বন্ধ করে সকাল সাড়ে ৮টা থেকে কারখানার অভ্যন্তরে বিবেক্ষাভ করতে থাকেন। খবর পেয়ে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ কারখানার বাইরে অবস্থান নেয়। দুপুরের পর শ্রমিকেরা কারখানার বাইরে গিয়ে সড়ক অবরোধ করেন। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে তারা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেটও নিক্ষেপ করা হয়। অবরোধের কারণে ঢাকা ও ময়মনসিংহগামী শত শত যানবাহন আটকে পড়ে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 
 
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘কারখানা কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের জন্য একাধিকবার তারিখ দিয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার বেতন পরিশোধের কথা ছিল। শ্রমিকরা কারখানায় এসে যখন জানতে পারেন আজও বেতন হবে না, তখন কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি। প্রায় দুই ঘণ্টা পর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটেকলে নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশ্যাল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে বিকাল ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।’
 
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘শ্রমিকদের দাবি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী রবিবার বকেয়া বেতন পরিশোধের ঘোষণা দিলে সন্ধ্যা ৬টার দিকে চলে যান শ্রমিকরা। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে শিল্প ও থানা পুলিশ অবস্থান করছে।’
 
এএ ইয়ার্ন মিলস লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘শ্রমিকদের সেপ্টেম্বর মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ দিতে পারেনি। কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রবিবার পরিশোধের করা হবে বলে শ্রমিকদের জানিয়ে দিলে তারা বাড়িতে চলে যান। শুক্রবার ও শনিবার কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’