২৬ বছর পর বাংলাদেশের কারাগার থেকে মুক্ত হলেন পাকিস্তানি নাগরিক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রইস খান নামে এক পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছেন। ১৯৯৯ সাল থেকে তিনি কারাগারে ছিলেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পান। দুপুর দেড়টার সময় লাল রঙের গাড়িতে করে মূল ফটক দিয়ে বের হয়ে যান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

রইস খান পাকিস্তানের করাচির গুলজার হিজরি থানার দীন মোহাম্মদের ছেলে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রমনা থানা পুলিশের করা মামলায় কারাভোগ করছিলেন।

কারাগার সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতার হয়ে ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে কারাগারে ছিলেন রইস খান। ২০০৫ সালের ৭ জুলাই তার সাজা হয়। গত ২৪ সেপ্টেম্বর সাজার মেয়াদ শেষ হয়। 

সিনিয়র জেল সুপার মো. আল মামুন বলেন, ‌‘দীর্ঘদিন ধরে মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে তিনি কারাগার-২-এ আটক ছিলেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার সময় বিশেষ শাখার প্রতিনিধির উপস্থিতিতে দূতাবাসের প্রতিনিধিদের কাছে তাকে হস্তান্তর করা হয়।’