মুন্সীগঞ্জে নদী থেকে নারী-পুরুষের লাশ উদ্ধার 

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ও কাজলী নদী থেকে এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেঘনা নদীর হোসেন্দী ইউনিয়নের ডুবারচর ও বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীর মধ্য বাউশিয়া (দাস পাড়া) এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশ দুটির নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবারচর সংলগ্ন মেঘনা নদীতে এক নারীর অর্ধগলিত লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে দুপুর দেড়টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে গজারিয়া নৌপুলিশ। লাশটি ৪-৫ দিন আগের বলে ধারণা পুলিশের। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।

এদিকে একই দিন দুপুর ১টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া (দাস পাড়া) এলাকায় এক পুরুষের ব্যক্তির (৩৫) দুই পা বাঁধা লাশ দেখতে পান স্থানীয়রা। এ বিষয়ও পুলিশকে জানালে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ বলেন, দুপুরে হোসেন্দী ইউনিয়নের ডুবার চর থেকে আমরা এক নারীর লাশ উদ্ধার করেছি। বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীতে এক পুরুষের লাশ উদ্ধার করেছি। এখন পর্যন্ত লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।