শ্রীপুরে ২৩ মামলার আসামি জাহাঙ্গীর গ্রেফতার

গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৩ মামলার আসামি জাহাঙ্গীর আলমকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাব-১। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহাঙ্গীর আলম শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নান্নু মিয়ার ছেলে। পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার পর থেকে সে আত্মগোপনে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টার দিকে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ দিন রাতেই র‌্যাব আসামিকে শ্রীপুর থানায় সোপর্দ করে।

র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার নাফিজ বিন জামাল জানান, গত ৩১ ডিসেম্বর রাতে মাওনা (পিয়ার আলী কলেজ) সংলগ্ন স্থানীয় জাহাঙ্গীরের বাড়ির সামনে মাদক বিক্রি হচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর এবং তার দুই সহযোগীকে আটক করে। তাদেরকে গাড়িতে তুলে নিয়ে আসার সময় তাদের অপর সহযোগীরা রামদা, লাঠি, লোহার রড নিয়ে পুলিশের ওপর হামলা করে আসামি জাহাঙ্গীর এবং রাজীবকে (৩৩) ছিনিয়ে নেয়। পরে পুলিশ রাজীবকে গ্রেফতার করতে পারলেও আসামি আত্মগোপনে চলে যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় পুলিশ মামলা করলে বিষয়টি আমলে নিয়ে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে গোপন সংবাদে আসামি জাহাঙ্গীরের অবস্থান নিশ্চিত হয়ে আনসার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান, র‌্যাব রাতেই আসামি জাহাঙ্গীর আলমকে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদক এবং হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।