বিএনপির প্রার্থী ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।

অসুস্থ অবস্থায় তাকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন। ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এনামুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘বৃহস্পতিবার বিকালে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে জ্বর এসে যায় এবং বমি করেন। দ্রুত তাকে কাছাকাছি ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।’

জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘তার জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। পরীক্ষা করে শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। তার অক্সিজেনের মাত্রা ৯৯ থেকে ১০০ শতাংশ সেচুরেশনের মধ্যে রয়েছে ৯৩ শতাংশ।’ 

ফজলুর রহমান বর্তমানে শঙ্কামুক্ত কিনা এমন প্রশ্নের জবাবে ডা. বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সেটি এখনই বলা যাচ্ছে না। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে, পরীক্ষার রিপোর্ট পেলে তা বলা যাবে।’

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেন, ‘নিজ বাড়ি ইটনা থেকে ভৈরব স্টেডিয়ামের জনসভায় যোগ দিতে আসার পথে ফজলুর রহমান শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। পরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন।’