মুন্সীগঞ্জে বিএনপির সদস্যসচিবসহ ৫ নেতার পদত্যাগ

মুন্সীগঞ্জে নেতাকর্মীদের অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দল থেকে বহিষ্কারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে শহর বিএনপির সদস্যসচিবসহ জেলা বিএনপির পাঁচ নেতা পদত্যাগ করেছেন। বুধবার ২৮ (জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের পঞ্চসার এলাকায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা। 

পদত্যাগকারীরা হলেন- শহর বিএনপির সদস্যসচিব মাহবুব আলম স্বপন, জেলা বিএনপি আহ্বায়ক শাহাদাত হোসেন সরকার, সদস্য মাহবুবুর রহমান, আতাউর হোসেন বাবুল ও কাজী আবু সুফিয়ান বিপ্লব। তারা মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের  অনুসারী হিসেবে পরিচিত। দলের প্রার্থী রেখে বিদ্রোহী প্রার্থীর প্রচারণা চালাচ্ছেন তারা।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, কেন্দ্র থেকে ক্রমাগত জেলার নেতৃবৃন্দকে বহিষ্কার করা হচ্ছে। কোনও রকমে কারণ দর্শানোর নোটিশ ছাড়াই অগণতান্ত্রিক প্রক্রিয়া ও দলীয় গঠনতন্ত্রের বাইরে এসব বহিষ্কার আদেশ দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে হামলা-মামলার শিকার হলেও দলের জন্য কাজ করা শীর্ষ নেতাদের বহিষ্কার করা হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে তারেক রহমান ডাকলে তারা দলে ফিরবেন। অন্যথায় ধারাবাহিক নেতাকর্মীদের পদত্যাগ কর্মসূচি চলবে বলেও জানান তারা। 

প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা বিএনপির সদস্যসচিবকে এরই মধ্যে বহিষ্কার করা হয়েছে। মুন্সীগঞ্জ-৩ আসনের বিদ্রোহী প্রার্থী মহিউদ্দিন আহমেদের পক্ষে কাজ করায় তাদের বহিষ্কার করা হয়। এ ছাড়া গত কয়েকদিনে জেলার বিভিন্ন ইউনিটের এক ডজনের বেশি নেতাকর্মীকে সংগঠনবিরোধী কাজে যুক্ত থাকায় বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।