জনসভায় ভোট চাইতে গিয়ে কাঁদলেন শামা ওবায়েদ

ফরিদপুর-২ নির্বাচনি এলাকার নগরকান্দায় এক জনসভায় বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করতে গিয়ে মানুষের কাছে ভোট চাওয়ার সময় কাঁদলেন বিএনপির প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু)।

তিনি বলেন, আমার পিতাকে এই অঞ্চলের মানুষ তাদের সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছেন। আমার পিতা এই নগরকান্দা-সালথার মানুষদের দল-মত ও ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে আগলে রেখেছিলেন।

শামা ওবায়েদ বলেন, আগামীতে আমি এমপি নির্বাচিত হতে পারলে বাবার আদর্শ লালন করে সবাইকে নিয়ে চলতে চাই। রুখে দিতে চাই দুর্নীতি ও চাঁদাবাজিকে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের মাহেন্দ্র নারায়ণ অ্যাকাডেমি মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। মাঠটি বিকাল চারটা নাগাদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ আরও বলেন, বিএনপি যদি বিজয় লাভ করে তাহলে কৃষক কার্ডের মাধ্যমে সরকারি সেবা পাবেন, যাতে কোনও দুর্নীতিবাজ আপনাদের পকেট খালি করতে না পারে। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমার বাবা সবসময় ন্যায়ের পথে ছিলেন। আমি নগরকান্দাকে দুর্নীতিমুক্ত নগরকান্দা, দুর্নীতিমুক্ত পৌরসভা ও চাঁদাবাজমুক্ত নগরকান্দা গড়ে তুলতে চাই। আমরা সবাই মিলে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তুলবো।

এ ছাড়া তিনি রাত ১২টার পর থেকে গ্রামে পাহারা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রাত ১২টা, ১টার পর গ্রামে নাকি মানুষ ঢোকে। রাতে যারা ঢুকে তারা ভালো উদ্দেশ্যে ঢোকে না। আপনারা নিজ নিজ গ্রাম ও ঘর পাহারা দেবেন। যদি আপনার এই বোন বিজয় লাভ করে তাহলে আমি একা সংসদে যাবো না, আপনারা সবাই সংসদে যাবেন।

এ সময় তার বাবার কথা স্মরণ করে ভোট চাইতে গিয়ে কেঁদে ফেলেন তিনি।

সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম রবি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত শরীফ।