মুন্সীগঞ্জের সদর উপজেলার শিলই ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচ জন আহত হয়।
আহতরা হলেন- ইকবাল হোসেন (৩২), জয় ব্যাপারি (৩৮) ও জুয়েল শেখ (৪০) বাকি দুই জনের নাম পাওয়া যায়নি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জয় ব্যাপারি বলেন, বিএনপির সমর্থকরা একটি মিছিল নিয়ে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এলে আমরা তাদের মিছিল করতে নিষেধ করি কারণ, নির্বাচনের প্রচারণার সময় শেষ হয়েছে। এতে তারা ক্ষিপ্ত হয়ে লোহার রড, লাঠি ডাসা দিয়ে আমাদের ওপর হামলা করে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুর রহমান জানান, সন্ধ্যায় শিলই থেকে ৩ জনকে হাসপাতালে পাঠানো হলে তাদের চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি মমিনুল ইসলাম জানান, পুলিশের একটি টিম ইতিমধ্যে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমরা এখন সেখানে যাচ্ছি। কী কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিশ্চিত নই। তবে শুনেছি বিএনপির সমর্থকরা সে এলাকায় গেলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।
মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।