রাজবাড়ীর দুই আসনেই বিএনপির বড় ব্যবধানের জয়

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। নির্বাচনে এ জেলার দুটি সংসদীয় আসন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট এবং রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত হারুন-অর-রশিদ (ধানের শীষ) ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

গতকাল ১২ই ফেব্রুয়ারি মধ্যরাতে বেসরকারিভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূরুল ইসলাম ১ লাখ ১ হাজার ৯২ ভোট পেয়েছেন। ধানের শীষের প্রার্থী ৫৩ হাজার ৪৪৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

এ ছাড়াও জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস(গোলাপ ফুল) প্রতীকে ৮ হাজার ৮৭ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন।

রাজবাড়ী-১ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৩০ হাজার ৩১৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৭১ হাজার ৯০২ জন। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩০৬ ও ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৫৯৬টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩ দশমিক ২০ শতাংশ।

রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ (ধানের শীষ) প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামিল হিজাযী (শাপলা কলি) প্রতীকে ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।

এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু(কলস) প্রতীকে ৩৬ হাজার ৩৩৮ ভোট,  ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মালেক (হাত পাখা) প্রতীকে ৮ হাজার ৫০৩ ভোট, জাতীয় পার্টির প্রার্থী শফিউল আজম খান (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সোহেল মোল্লা (ফুটবল) প্রতীকে ১ হাজার ২১৯ ভোট, গণঅধিকার পরিষদের প্রার্থী জাহিদ শেখ (ট্রাক) প্রতীকে ৬৩৩ ভোট, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী কাজী মিনহাজুল আলম (দেয়াল ঘড়ি) প্রতীকে ৩২১ ভোট ও সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আব্দুল মালেক মন্ডল (ছড়ি) প্রতীকে ২৬৬ ভোট পেয়েছেন।

রাজবাড়ী-২ আসনে মোট ভোটার ছিল ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ লাখ ৬৩ হাজার ১৯৪ জন। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮৮৫ ও বাতিল হয়েছে ৯ হাজার ৩০৯টি ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৪ দশমিক ৮৯ শতাংশ।

এ ছাড়াও গণভোটে রাজবাড়ী-১ আসনে হ্যাঁ ভোট পেয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ২৫৫ এবং না ভোট পেয়েছে ৮৭ হাজার ২২৫ টি।  এই আসনে গণভোট দিয়েছে ২ লাখ ৭১ হাজার ৬৩১ জন। মোট বৈধ গণভোটের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৭৫০ ও বাতিল করা ভোটের সংখ্যা ২৬ হাজার ৮৮১।

 রাজবাড়ী-২ আসনে গণভোটে “হ্যাঁ ভোট পেয়েছে ২ লাখ ৭ হাজার ৬২৫ এবং “না” ভোট পেয়েছে ১ লাখ ১৪ হাজার ৭৬৭ টি। এই আসনে গণভোট দিয়েছে ৩ লাখ ৬১ হাজার ৯০৪ জন। মোট বৈধ গণভোটের সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৩৯২ ও বাতিলকৃত ভোটের সংখ্যা ৩৯ হাজার ৫১২ টি।