মানিকগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী শহিদুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সদর উপজেলার চর বেউথা এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শহিদুল ইসলাম (৩৬) শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের যমুনাবাদ এলাকার বেলায়েত হোসেনের ছেলে এবং মানিকগঞ্জ জেলা জজ আদালতের আইনজীবী। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে শহিদুল আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, চর বেউথা এলাকার ওই ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন শহিদুল। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। খবর পেয়ে রাত ১টার দিকে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘পারিবারিক কলহের কারণে ওই আইনজীবী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’